স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের সেপ্টেম্বরে দলটি সবশেষ প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেছিল। ফিফা র্যাঙ্কিংয়েও নেই তাদের উপস্থিতি। দীর্ঘ ৭ বছরের বিরতির পর অবশেষে মাঠে ফিরে পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া।
আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে এসওয়াতিনিকে দুই লেগ মিলিয়ে হারিয়ে বাছাইপর্বের গ্রুপপর্বেও উঠে দলটি। তবে তাদের এই জয় ছাপিয়ে আলোচনায় অন্য একটি বিষয়। দক্ষিণ আফ্রিকায় বাছাইপর্বের এই ম্যাচের পর ইরিত্রিয়া জাতীয় দলের সাত ফুটবলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৫ মার্চ আফকনের বাছাইপর্বের প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর পর ৩১ মার্চ দ্বিতীয় লেগে এসওয়াতিনিকে ২-১ গোলে হারায় ইরিত্রিয়া। দক্ষিণ আফ্রিকায় হওয়া এই ম্যাচের পর দলটির সব সদস্য দেশে ফেরেননি। তাদের নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। -----টি স্পোর্টস
ঘরোয়া লিগ থেকে দলে ডাক পাওয়া ১০ ফুটবলারের মধ্যে মাত্র তিনজন—আবেলেলম টেকলেজগি, নাহোম তাদেসে ও রোমেল আবদু—ইরিত্রিয়ায় ফিরে গেছেন। বাকি সাতজন এখনও ফেরেননি, যা তাদের অবস্থান নিয়ে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি করেছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচ শেষে ওই ফুটবলাররা দক্ষিণ আফ্রিকাতেই থেকে গেছেন। তবে তাদের না ফেরার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
স্থানীয় পত্রিকা মিকি জুনিয়র¬—এর দাবি, ফুটবলাররা হয়তো ‘পালিয়ে গেছেন’। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে তারা দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি নজর কেড়েছে শুধু সময়ের কারণে নয়—একটি গুরুত্বপূর্ণ সাফল্যের ঠিক পরেই এমন ঘটনা ঘটার সঙ্গে অতীতের অনুরূপ ঘটনার কারণেও। ইরিত্রিয়া জাতীয় দল, যাদের ‘রেড সি বয়েজ’ নামে ডাকা হয়, এর আগেও বিদেশ সফরে গিয়ে খেলোয়াড়দের না ফেরার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
২০০৬ সাল থেকে একাধিকবার দেখা গেছে, অনুশীলন ক্যাম্প বা আন্তর্জাতিক ম্যাচ শেষে দলের কিছু সদস্য আর দেশে ফেরেননি। এ ধরনের ঘটনা ধীরে ধীরে নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে, বিশেষ করে দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়। জাতিসংঘের হিসেবে, ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ জন খেলোয়াড় ও কোচ দেশত্যাগ করেছেন। ১৯৯৩ সাল থেকে প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির শাসনে রয়েছে দেশটি।
ইরিত্রিয়ার খেলোয়াড়রা বিদেশে খেলতে গেলে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) চেয়ে বসতে পারেন, এমন আশঙ্কায় দেশটির আন্তর্জাতিক সফরও স্থগিত ছিল দীর্ঘসময়। গত ২৫ মার্চ দীর্ঘ ৭ বছরের বিরবির পর মাঠে নামে তারা। এর আগে সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে নামিবিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ইরিত্রিয়া। দুই লেগ মিলিয়ে নামিবিয়ার কাছে হেরে যায় তারা। এরপর ২০২৬ বিশ্বকাপ বাছাইসহ বিভিন্ন প্রীতি ম্যাচ থেকেও সরে দাঁড়ায় দেশটি।