স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ক্রিকেটের আদলে টি-টোয়েন্টি আফ্রিকা কাপ চালুর উদ্যেগ নিয়েছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের মাধ্যমে আফ্রিকান ক্রিকেটের বাণিজ্যিক প্রসার এবং নিজস্ব তহবিল সংগ্রহ করতে চায় সংস্থাটি।
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নির্বাচিত করার মাধ্যমে এসিএ পুনর্গঠিত হয়। বর্তমানে তারা আর্থিকভাবে লাভজনক বিভিন্ন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, তবে ২০২৭ সালের আগে এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর সম্ভাবনা কম।
আফ্রিকা কাপের সাফল্যের জন্য মহাদেশের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণকে বাধ্যতামূলক মনে করছে এসিএ। তবে প্রোটিয়াদের ব্যস্ত সূচিই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের দম ফেলার সময় নেই। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে এই টুর্নামেন্টের পক্ষে থাকলেও, তারা তাদের পূর্ণ শক্তির দল পাঠাতে পারবে কি না, তা নির্ভর করছে নতুন এফটিপির ওপর।
আফ্রিকা কাপ শুরুর আগে চলতি বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আলোচনা চলছে। ভিক্টোরিয়া ফলসে নবনির্মিত মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়ার খেলার সম্ভাবনা রয়েছে।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের এই সিরিজটি ওয়ানডে ফরম্যাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিরিজের আয়ের একটি অংশ এসিএ-র তহবিলে জমা হবে, যা প্রস্তাবিত আফ্রিকা কাপের প্রচার হিসেবে কাজ করবে।
গত এক বছরে প্রতিবেশী দেশগুলোতে সফরের বিষয়ে দক্ষিণ আফ্রিকার আগ্রহ বেড়েছে। ২০২৫ সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার নতুন মাঠে ম্যাচ খেলেছে প্রোটিয়ারা। ১৮ মাস পর যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।