শিরোনাম
◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আকাশ মেঘলা রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

Advertisement

কক্সবাজার উপকূল থেকে অবস্থান করছিল প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘলা রয়েছে। রাজধানীতে সকাল আটটার দিকে বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী অন্তত দুই দিন দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সব জায়গায় সমান বৃষ্টি হবে, এমন নয়। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বেশির ভাগ জায়গায় হতে পারে হালকা বৃষ্টি।

এই বৃষ্টির পর দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ