মনিরুল ইসলাম : চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা হেলাল খানের মধ্যকার মন্তব্য-পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হলেন জয় চৌধুরীর স্ত্রী ও অভিনেত্রী রোমানা নীড় এবং চিত্রনায়িকা পলি। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে উদ্দেশ করে দেওয়া তাঁদের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি অভিনেতা হেলাল খান, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে স্বামীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী রোমানা নীড়।
নিজের পোস্টে জয় চৌধুরীকে নিয়ে গর্ব প্রকাশ করে রোমানা লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত জয় চৌধুরী। তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছো।’
এরপর আরেকটি পোস্টে চিত্রনায়িকা পলিকে উদ্দেশ করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘খালি ছুঁয়ে দিলেই ভোটে জেতা যায় না! শিল্পীদের চোখে আস্থার মানুষ হতে হয়। সবাই এতো ছোঁয়া-ছুঁয়ি পছন্দ করে না বড় আপু! হিংসাটা কমান, না হলে নিজের আগুনে নিজেই জ্বলে যাবেন! সবকিছুই কিন্তু জানি আমরা।’
রোমানা নীড়ের এই বক্তব্যের পর এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পলি। কারও নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁর বক্তব্যকে রোমানার পোস্টের জবাব হিসেবেই দেখছেন অনেকে।
পলি লেখেন, ‘শিল্পীকে অসম্মান করে তাঁর সৃষ্টিকে মুছে ফেলা যায় না। সময়ই বলে দেয়, কে কতটা কাজ করেছেন আর কে শুধু যখন যে সরকার তার দালালি করেছে!’