মনিরুল ইসলাম : যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। তিনি সমিতির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমিতির বর্তমান নেতৃত্ব অমিত হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।
সাক্ষাৎকালে অমিত হাসান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি তার হৃদয়ের জায়গা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের সঙ্গে দেখা করতে পেরে তিনি আনন্দিত। নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, “চলচ্চিত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
নবনির্বাচিত কমিটির নেতারা অমিত হাসানের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বলেন, তার মতো অভিজ্ঞ শিল্পীদের দিকনির্দেশনা চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন, শিল্পীদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির হাত ধরে চলচ্চিত্র শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, সহ সাধারণ সম্পাদক সুব্রুত, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ।