মনিরুল ইসলাম : দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এবং এম ডি ইকবাল পরিচালিত 'গুলশানের চামেলী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এক্সেল ফিল্মস পরিবেশিত এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পরিসরে তাকে দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘ গুলশানের চামেলী’ একটি গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা, যেখানে সমসাময়িক সামাজিক বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে। এতে বাপ্পারাজকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, যা তার ক্যারিয়ারের জন্য নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিচালক এম ডি ইকবাল জানিয়েছেন, ছবিটির চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, “চরিত্রটির গভীরতা ও অভিনয় দক্ষতার বিষয়টি মাথায় রেখে বাপ্পারাজই আমাদের প্রথম পছন্দ ছিল।”
অন্যদিকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি চলচ্চিত্র উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই ‘ গুলশানের চামেলী’ নির্মাণ করা হচ্ছে। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
চিত্রনায়ক বাপ্পারাজও এই নতুন কাজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “গল্প ও চরিত্র দুটিই আমাকে আকৃষ্ট করেছে। আশা করছি দর্শকরা ভালো একটি কাজ দেখতে পাবেন।”