মনিরুল ইসলাম: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল ১০টায় বিএফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্রের ১৯ সংগঠন, বিভিন্ন সমিতি এবং বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি এফডিসির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত এ র্যালিতে শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের ১৯ সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, নেতৃবৃন্দ শামসুল আলম, শাহীন সুমন, সদস্যসচিব শিবা সানু, জয় চৌধুরী, আসাদুজ্জামান মজনুসহ অন্যান্যরা।
দুপুর ১২টায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণআন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়।
বাদ জোহর বিএফডিসি মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত, দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতৃবৃন্দ ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
চলচ্চিত্র-সংশ্লিষ্টরা জানান, এ আয়োজনের মাধ্যমে জাতীয় ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশের গুরুত্বপূর্ণ আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করার একটি সুযোগ তৈরি হয়েছে।