শিরোনাম
◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী ◈ ফুটবলে একনায়কতন্ত্র চলতে পারে না! আলো ফেরাতে হলে টলাতে হ‌বে ইনফান্তিনোর সিংহাসন ◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও)

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও তা বর্তমানে বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে কমিশনে আলোচনা চলছে।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই সময়ে মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজের চেহারায় পরিবর্তন আনেন, আবার কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করেন। একই সঙ্গে বয়সের কারণে আঙুলের ছাপের গুণগত মানও কমে যেতে পারে।

ফলে ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। এসব কারণেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ২ ধারায় উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা প্রয়োজন অনুযায়ী তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সরাসরি আবেদন করলে বিধি ৮-এর উপবিধি (২) অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ‘জরুরি’ বা ‘সাধারণ’ হিসেবে আবেদন জমা দিতে হবে। আর অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি ইলেকট্রনিক পদ্ধতিতে ‘জরুরি’ বা ‘সাধারণ’ হিসেবে দাখিল করতে হবে।

‘জরুরি’ আবেদন কমিশনে এবং ‘সাধারণ’ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রের অংশ ‘ক’-তে স্বাক্ষর করে আবেদনকারী বা তার আইনানুগ অভিভাবককে ফেরত দেবেন। অনলাইনের ক্ষেত্রে মোবাইল নম্বর বা ই-মেইলে অংশ ‘ক’ পাঠানো হবে।

বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময় সাত দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন। জরুরি নবায়নের ফি ১৫০ টাকা এবং সাধারণ নবায়নের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নবায়নের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন; আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।

বর্তমানে অধিকাংশ নাগরিক এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদন ৫০০ টাকা এবং জরুরি আবেদন ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, এখনো বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে। দেখা যাক কী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়