চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেও কলেজে আসন বরাদ্দ না পাওয়া শিক্ষার্থীদের জন্য ফের আবেদনের সুযোগ রাখা হচ্ছে। প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরুর পর এ সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড কর্মকর্তারা।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানান কর্মকর্তারা।
জানা গেছে, চলতি (২০২৬-২৭) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও আসন বরাদ্দ পায়নি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। ফলে প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের পরবর্তী করণীয় নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ডের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আবেদন করেও যারা কলেজ পায়নি কিংবা কোনো কারণে আবেদন করতে পারেনি, তাদের জন্য আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে।
তিনি জানান, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ক্লাস শুরু হলে দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ফলে প্রথম ধাপে কলেজে আসন না পাওয়া শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
গতকাল বুধবার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়। এতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। আবেদন করেও আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী আবেদন করেও নির্বাচিত হয়নি।
সূত্র: দৈনিক শিক্ষা ডটকম