লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তাদের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো শনাক্ত করেছে।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা দেওয়া ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
আইনের ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনলাইনে পেমেন্ট বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন কোনো প্ল্যাটফর্মে অর্থ লেনদেন করলে গ্রাহক আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতারও মুখোমুখি হতে পারেন।
এ কারণে কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার পর অনলাইন পেমেন্ট সেবা ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত ও বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।