মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল।
বৈঠকে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকমণ্ডলী, প্রেসক্লাব ও সংবাদ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেয় কমিটি। একই সঙ্গে বৈঠকে আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
কমিটি জানায়, সংবিধান সংশোধন বিষয়ে আরও বিস্তৃত মতামত গ্রহণের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।