মনিরুল ইসলাম : বছরের পর বছর দুর্গাপূজার আগে ‘সৌজন্য উপহার’ হিসেবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার চিত্রই ছিল পরিচিত। কিন্তু চলতি বছরে সেই চিত্র উল্টে গিয়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি—বাংলাদেশই এখন ভারত থেকে ইলিশ আমদানি করছে। উৎপাদন কমে যাওয়ায় গত দুই মাসে ভারতের গুজরাত রাজ্য থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্বে ইলিশ আহরণে শীর্ষস্থান ধরে রাখা বাংলাদেশ সাধারণত মোট উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশ সরবরাহ করে থাকে। তবে চলতি মৌসুমে নদী ও সাগরে প্রত্যাশিত পরিমাণ ইলিশ না পাওয়ায় দেশের বাজারে ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ব্যবসায়ীরা ভারতের গুজরাতের ভারুচ বন্দরসহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজার থেকে ইলিশ সংগ্রহ করছেন।
হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানিয়েছে, এবারই প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করা হচ্ছে ভারত থেকে। বিশেষ করে ডিমভরা ইলিশের চাহিদা বেশি থাকায় গুজরাত থেকেই এই মাছ বেশি নেওয়া হচ্ছে। এসব ইলিশ দেশে এনে প্রক্রিয়াজাত করে বিদেশেও রফতানি করা হচ্ছে। পাশাপাশি কিছু ইলিশ শুকিয়ে ‘নোনা ইলিশ’ হিসেবেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।
পূর্বে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকলেও ২০১৯ সাল থেকে দুর্গাপূজাকে ঘিরে সীমিত পরিসরে ‘উপহার’ হিসেবে ইলিশ পাঠানো হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির পর সেই পরিমাণ আরও কমে যায়। গত বছর সরকার ১২০০ টন রফতানির অনুমতি দিলেও বাস্তবে এসেছে মাত্র ১৪৩.৮০ টন। তার আগের দুই বছরেও এই সংখ্যা ছিল ৬০০ টনের কম।
এদিকে নতুন সরকার গঠনের পর ইলিশ রফতানি নীতিতে কী পরিবর্তন আসবে, তা এখনো স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে ইলিশকে বাণিজ্যিক পণ্য নয়, বরং ‘সৌজন্য উপহার’ হিসেবেই বিবেচনা করার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে চলতি বছরে দুর্গাপূজায় ভারতে কতটুকু ইলিশ যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রজনন মৌসুমে পর্যাপ্ত সংরক্ষণ না হওয়া এবং অবৈধ আহরণের মতো কারণগুলো ইলিশের এই ঘাটতির পেছনে ভূমিকা রাখতে পারে। এর প্রভাব শুধু রফতানিতেই নয়, দেশের অভ্যন্তরীণ বাজারেও পড়ছে।
সব মিলিয়ে, একদিকে বাংলাদেশে ইলিশের ঘাটতি, অন্যদিকে ভারত থেকে আমদানি—এই ‘উলটপুরাণ’ পরিস্থিতিতে পুজোর সময় বাঙালির পাতে পদ্মার ইলিশ উঠবে কি না, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। তথ্য সূত্র : আনন্দবাজার ডট কম