শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল

বাসস: শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাই এবং সম্ভাব্য ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনে শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ।

হংকংয়ে ১১তম 'বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬'-এর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার এক সাইড ইভেন্টে বাংলাদেশের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য, বাণিজ্যিক কার্যক্রম, খাদ্য নিরাপত্তা ও সমবায় উন্নয়নমন্ত্রী ওয়াসান্থা সামারাসিংহের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়।

প্রতিনিধি দলটি শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজের বাজারের চাহিদা, স্থানীয় ও আমদানি মূল্য, আমদানির নিয়ম-কানুন, মান ও বাণিজ্যিক শর্ত যাচাই করবে। পাশাপাশি স্থানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও ফুড প্রসেসর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশি পণ্যের সম্ভাব্য ক্রেতা, সরবরাহব্যবস্থা ও নিয়মিত রপ্তানির সুযোগ চিহ্নিত করবে।

এ ছাড়া শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ প্রতিযোগিতামূলক দামে সরবরাহের ক্ষেত্রে পরিবহন, সংরক্ষণ ও গুদামজাতকরণ সুবিধার প্রয়োজনীয়তাও প্রতিনিধি দলটি পর্যালোচনা করবে।

বৈঠকে বাংলাদেশের মন্ত্রী জানান, দেশে স্থানীয় চাহিদা মেটানোর পরও উল্লেখযোগ্য পরিমাণ আলু ও পেঁয়াজ উদ্বৃত্ত থাকে। এসব পণ্যের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে নতুন আলু কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতিযোগিতামূলক দামের কারণে শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলুর সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার মন্ত্রী বাংলাদেশ থেকে আলু ও পেঁয়াজ আমদানিতে আগ্রহ প্রকাশ করেন।

দুই পক্ষ আশা করছে, প্রতিনিধি দলের বাজার যাচাই ও ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে শ্রীলঙ্কায় বাংলাদেশের কৃষিপণ্যের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি হবে এবং কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

  • সর্বশেষ