শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি

দেশীয় স্পিনিং শিল্পের আপত্তি ও দীর্ঘদিনের টানাপড়েনের মধ্যেই ১০ থেকে ৩০ কাউন্টের বর্জ্য সুতা (ওয়েস্ট ইয়ার্ন) আমদানির পথ খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে অপব্যবহার ঠেকাতে আমদানিকারকদের ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে এবং উৎপাদিত পণ্য সম্পূর্ণ রপ্তানির পরই সেই গ্যারান্টি অবমুক্ত করা হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা এক আদেশে এনবিআর জানিয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫৫০৫, ৫৫০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্টের বর্জ্য সুতা বন্ড সুবিধায় আমদানি করা যাবে। এ সুবিধা কেবল রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় স্পিনিং মিলগুলোর স্বার্থ রক্ষা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার মধ্যে ভারসাম্য আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি ওয়েস্ট ইয়ার্ন আমদানি নিয়ে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং স্পিনিং মিল মালিকদের সংগঠন বিটিএমএর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

বিষয়টি নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপের সুপারিশের ভিত্তিতে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

এনবিআরের আদেশে বলা হয়েছে, আমদানিকারককে অবশ্যই বিজিএমইএ বা বিকেএমইএর সদস্যভুক্ত রপ্তানিমুখী কারখানা হতে হবে। আমদানির আগে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ নিঃশর্ত এবং অব্যাহতি-অযোগ্য ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। শুল্কমুক্ত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য সম্পূর্ণ রপ্তানি হওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ওয়েস্ট ইয়ার্ন মূলত তুলনামূলক কম দামের কাঁচামাল। এটি ব্যবহার করে নিম্ন ও মধ্যমূল্যের বিভিন্ন ধরনের পোশাক, মোজা, নিটওয়্যার এবং টেক্সটাইল পণ্য উৎপাদন করা হয়। রপ্তানিকারকদের দাবি ছিল, স্থানীয় বাজারে প্রয়োজনীয় মান ও দামের কাঁচামাল সবসময় পাওয়া যায় না। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে আমদানির সুযোগ প্রয়োজন।

অন্যদিকে দেশীয় স্পিনিং শিল্প মালিকদের আশঙ্কা ছিল, নিয়ন্ত্রণহীন আমদানির সুযোগ দেওয়া হলে স্থানীয় সুতা উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ করে বাজারে কম দামের আমদানিকৃত বর্জ্য সুতা প্রবেশ করলে দেশীয় কারখানাগুলোর উৎপাদন ও বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।

এ প্রেক্ষাপটে এনবিআর সরাসরি শুল্কমুক্ত আমদানির অনুমতি না দিয়ে ব্যাংক গ্যারান্টির শর্ত আরোপ করেছে। ফলে আমদানিকৃত কাঁচামাল কেবল রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করার সুযোগ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা দীর্ঘদিন ধরে এ সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, বৈশ্বিক বাজারে ক্রেতাদের মূল্যচাপ বাড়ছে। একই সঙ্গে জ্বালানি, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিকল্প কাঁচামালের ব্যবহার অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। অন্যদিকে বিটিএমএ বরাবরই দেশীয় শিল্প সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৬৬-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির তারিখের আগে দায়ের করা বিল অব এন্ট্রির ক্ষেত্রে নতুন সুবিধা প্রযোজ্য হবে না।

ব্যবসায়ীরা মনে করছেন, এ সিদ্ধান্তে একদিকে রপ্তানিকারকরা কাঁচামাল সংগ্রহে কিছুটা স্বস্তি পাবেন, অন্যদিকে ব্যাংক গ্যারান্টির শর্তের কারণে স্থানীয় শিল্পের উদ্বেগও আংশিকভাবে প্রশমিত হবে। তবে বাস্তবে এর প্রভাব কতটা পড়ে, তা নির্ভর করবে আমদানি তদারকি ও শর্ত বাস্তবায়নের ওপর।

  • সর্বশেষ