খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, কারা এবং কী কারণে আব্দুল হালিমকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।