শিরোনাম
◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, একসঙ্গে চালু হচ্ছে তিন মেগা প্রকল্প

বন্দর নগরী চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। যানজট কমানো, জলাবদ্ধতা নিরসন ও বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ডিসেম্বরে চালু হচ্ছে তিন মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড (পার্ট-১) ও কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক (রিং রোড)। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বাস্তবায়নে এই তিন মেগা প্রকল্প ডিসেম্বরের শুরু বা মাঝামাঝি সময়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকল্প সূত্রে জানা গেছে, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড (পার্ট-১) ও কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়কের (রিং রোড) কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ডিসেম্বরের শুরু বা মাঝামাঝিতে এসব প্রকল্প উদ্বোধন করা হবে।

এদিকে উদ্বোধনের পর পুরোপুরি চালু হবে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৯টি র‌্যাম্প। একইসঙ্গে উদ্বোধনের পর চালু হবে দুটি রিং রোডও। এই তিনটি প্রকল্প একযোগে চালু হলে বদলে যাবে নগরীর যোগাযোগ ব্যবস্থা। কমবে নগরীর যানজট ও জলাবদ্ধতা। এছাড়া পর্যটনে তৈরি হবে অপার সম্ভাবনা।

এদিকে নগরবাসীর যাতায়াত সুবিধার্থে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৯টি র‌্যাম্পের পাশাপাশি নতুন করে আরও তিনটি নতুন র‌্যাম্প নির্মাণ করবে সিডিএ। তবে উড়াল সেতুর ৯টি র‌্যাম্প একযোগে চালু হলে নগরীর যানজট নিরসনের পাশাপাশি বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা-এমনটাই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পাশাপাশি চাপ কমবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও ইপিজেড সড়কের। পাশাপাশি শহরে প্রবেশ না করেই চলাচল করতে পারবে ভারী যানবাহন।

Advertisement

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নগরীর যানজট নিরসনে ও চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত হয় দীর্ঘ ১৬ কিলোমিটার শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়াল সেতু চালু হলেও উঠানামার র‌্যাম্পের অভাবে সুফল পাচ্ছেন না নগরবাসী। তবে চলতি নভেম্বর মাসের মধ্যে ৯টি র‌্যাম্পের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরোপুরি চালুর কথা রয়েছে। ইতোমধ্যে ৮টি র‌্যাম্পের কাজ শেষ এবং বাকি একটির কাজ শেষ পর্যায়ে।

প্রকল্প সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত সেতুর দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের ওঠানামার জন্য এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

এ বিষয়ে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, উড়াল সেতুতে সর্বশেষ ৯টি র‌্যাম্প সংযুক্ত ছিল। ইতোমধ্যে ৮টি র‌্যাম্পের কাজ শতভাগ শেষ। বাকি আগ্রাবাদ এলাকার র‌্যাম্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি নভেম্বরের শেষের দিকে কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।

পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড (পার্ট-১)

বন্দর ও নগরীর উপর চাপ কমাতে বঙ্গোপসাগর উপকূলে নির্মিত হয়েছে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড। প্রায় ১৫.২ থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের দৃষ্টিনন্দন এই প্রকল্পে ব্যয়ে হয়েছে আড়াই হাজার কোটি টাকা। উপকূলীয় সড়টি চালু হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা ও বন্দরকেন্দ্রিক চাপ কমাতে সহায়তা করবে। এছাড়া সড়কটি জলোচ্ছ্বাস থেকে নগরীকে রক্ষায় বেড়িবাঁধ হিসেবেও কাজ করছে। নগর রক্ষার পাশাপাশি এটি এখন নগরবাসীর কাছে আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে।

কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক (রিং রোড)

নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসনে কর্ণফুলী নদীর তীরবর্তী নির্মাণ করা হয় কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক (রিং রোড)। এতে রয়েছে চার লেইন, সুরক্ষা বাঁধ ও ১২টি স্লুইস গেট। ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৯.৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এতে যানজটের পাশাপাশি কমবে জলাবদ্ধতা। এছাড়া অল্প সময়ের মধ্যে কালুরঘাট থেকে চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় যাতায়াত করা যাবে।

এদিকে চাক্তাই-কালুরঘাট আউটার রিং রোড প্রকল্পে কর্ণফুলীর তীরঘেঁষে গড়ে উঠছে নতুন বিনোদন কেন্দ্র ‘কর্ণফুলী রিভারভিউ পার্ক। দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে স্থানটি। বিকেল হলেই নদীর পাড়ে আসছেন সৌন্দর্য পিপাসু মানুষেরা। নতুন ভাবে নির্মিত এই বেড়িবাঁধটি দেখতে পতেঙ্গা সমুদ্রসৈকতের মতো হওয়ায় অনেক পর্যটকের কাছে এটি কল্পলোক আবাসিক বিচ নামেও পরিচিত।

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তিন প্রকল্পের মধ্যে পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড (পার্ট-১) ও কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়কের (রিং রোড) কাজ পুরোপুরি শেষ। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৯টি র‌্যাম্পের মধ্যে ৮টির কাজ শেষ। বর্তমানে চলছে আগ্রাবাদ এলাকার র‌্যাম্পের অংশের কাজ। এটিও প্রায় শেষ পর্যায়ে। আমি আজ (গতকাল) বিকেলে কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছি। বর্তমানে ঘষামাজার কাজ চলছে। আশা করছি নভেম্বরের যে কদিন আছে এর মধ্যে পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে। এছাড়া নগরবাসীর যাতায়াত সুবিধার্থে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৯টি র‌্যাম্পের পাশাপাশি নতুন করে আরও তিনটি নতুন র‌্যাম্প নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, আগামী ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই তিন মেগা প্রকল্পের উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রায় সবরকম প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্পগুলো উদ্বোধনের মাধ্যমে বন্দর নগরীর যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে এবং যান চলাচলেও বড় পরিবর্তন আসবে।

সূত্র : সুপ্রভাত

  • সর্বশেষ