শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

Advertisement

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ