এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কথিত দলিল দেখিয়ে প্রায় ১০ বছর শ্মশানের পুকুর দখলে রেখে মাছ চাষের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিল্লুর রহমানের বিরুদ্ধে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্টের ১৩৭৪৮ নম্বর রিটের আদেশের পর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম শুনানি করে পুকুরটি উদ্ধার করে হিন্দু সম্প্রদায়ের ব্যবহারের জন্য বুঝিয়ে দেন।
জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের পাল্লা-কুসম্বী মৌজায় জমিদারি আমল থেকে এসএ রেকর্ডে জমিটি সর্বসাধারণের ব্যবহার্য হিসেবে নথিভুক্ত। পরবর্তী সময়ে আরএস ১/১ খতিয়ানে ৩৭ শতক জমি শ্মশান হিসেবে হিন্দু সম্প্রদায় ব্যবহার করে আসছে। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে ১৯৭৪ সালের একটি কথিত দলিল দেখিয়ে জিল্লুর রহমান পুকুরটি দখলে নেন। এরপর প্রায় ১০ বছর মাছ চাষ করে কয়েক লাখ টাকা আয় করেন। এ ঘটনায় বগুড়ার জেলা জজ আদালতে মামলা হলে ২০২৪ সালের ১৬ জানুয়ারি তা খারিজ হয়। পরে পুকুরটি রক্ষায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের পক্ষে হাইকোর্ট বিভাগে ১৩৭৪৮ নম্বর রিট পিটিশন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে সম্প্রতি পুকুরটি হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ সৎকারের কাজে ব্যবহারের নির্দেশ দিয়ে বিরোধের নিষ্পত্তি করেন।
অভিযুক্ত জিল্লুর রহমানের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেনি।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্মশান পরিচালনা কমিটির সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ১০ বছর ভয়ভীতি দেখিয়ে শ্মশানের পুকুরটি দখলে রেখে মাছ চাষের মাধ্যমে কয়েক লাখ টাকা আয় করেছেন জিল্লুর রহমান। ভূমি অফিসের সহযোগিতায় পুকুরটি ফিরে পাওয়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরেছে।