নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): একসময় খালটি ছিল ময়লা-আবর্জনার ভাগাড়। কচুরিপানা, প্লাস্টিকের বোতল ও পলিথিনে বন্ধ হয়ে গিয়েছিল পানিপ্রবাহ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন দুরবস্থায় পড়ে থাকা খালটি পরিষ্কারে এবার নিজেই নেমে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরিচ্ছন্নতা অভিযানে কাজ করতে গিয়ে একপর্যায়ে কাদায় আটকে গেলেও দমে যাননি তিনি। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উঠে আবারও নেমে পড়েন খাল পরিষ্কারের কাজে।
শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে ইউএনও মো. আলী সুজা, বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এ কর্মসূচিতে খালের কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। দীর্ঘদিনের অবহেলায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়া খালটিতে ফিরে আসতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ।
অভিযানের সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল ইউএনও মো. আলী সুজার সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা পরিষ্কারে। একপর্যায়ে কাদামাটিতে আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে তুলে সহযোগিতা করেন। এরপরও অভিযান থেকে সরে না গিয়ে আবারও কাজে যোগ দেন তিনি।
ইউএনওর খাল পরিষ্কারের এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাঁর এ অংশগ্রহণকে দায়িত্ববোধ ও জনসম্পৃক।