সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিজ ঘর থেকে ধরে নিয়ে মারধর করে মো. আয়াছ (২২) নামের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এক সদস্যকে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরেক আরএসও সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত মো. আয়াছ ওই আশ্রয়শিবিরের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আরএসও সদস্য আয়াছ ও ছৈয়দ মোহাম্মদকে আরসার সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াছের মৃত্যু হয়। গুরুতর আহত ছৈয়দ মোহাম্মদকে পরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজন জড়িত বলে জানা গেছে।
নিহত আয়াছের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক।