মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেয়েছেন চার শতাধিক রোগী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে রশিদ রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল, কুমিল্লার পরিচালনায় শিবিরে ১১ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। এ সময় রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিভিন্ন চক্ষু সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছানিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে আয়োজক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের তত্ত্বাবধানে আয়োজিত শিবিরে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম। এতে সভাপতিত্ব করেন রশিদ রাশিদা ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির। সার্বিক সহযোগিতায় ছিলেন বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম বুলবুল।
আয়োজকেরা জানান, অর্থসংকট ও যাতায়াতের অসুবিধার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবিরে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় রোগীরা। তাঁদের মতে, এলাকার কাছাকাছি এ ধরনের আয়োজনের ফলে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি ও খরচ কমেছে।