শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা জেলাজুড়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে তদারকি করেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে, অপরাধে সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ দমনে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান শুরু হয়। ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী তরুণরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও জানান, কুমিল্লা থেকে কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।