ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে প্রত্যেক মানুষের বাক-স্বাধীনতা আছে। তারা সরকার ও সরকার প্রধানের সমলোচনা করতে পারবে। একজন মহিলা এমপি বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। যদিও সে কাজটি ভালো করেছিল। পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়েছিল সে। তবে তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। যে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। যা অতীতে কোনো দল তার দলের এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন হওয়ায় সম্ভব হয়েছে।’
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে স্পিকারকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে। শেখ হাসিনারও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভেবেছে লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভরপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ প্রমুখ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।