বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশ করেছে নারী ফুটবলের সর্বশেষ র্যাংকিং। নতুন এই তালিকায় সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজমের পর দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ হারে ৬ গোলে। দুই ম্যাচে মোট ১৬ গোল খেলেও রেটিং পয়েন্টে বড় ধাক্কা লাগেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট কমেছে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮।
এর কারণ, ফিফা র্যাংকিংয়ে এই দুই শক্তিশালী দলের চেয়ে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। দুই দলের সঙ্গে র্যাংকিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। আর এই ফলই র্যাংকিংয়ে উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। এতে দলটির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ। এই বাড়তি পয়েন্টের সুবাদেই র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করে র্যাংকিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির রেটিং পয়েন্ট কমেছে ৫.৫৪। ফলে ৫৫তম অবস্থান থেকে এক ধাপ নেমে ৫৬ নম্বরে জায়গা হয়েছে তাদের।
উল্লেখ্য, এই মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও জায়গা পেয়েছিল দেশের মেয়েরা।