ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় জামাই কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর। কুড়ালের আঘাতে নিহত জামাই হলেন আব্দুর রহমান।
মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান হলেন পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাই এর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে ঘুমন্ত অবস্থায় জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন।
মহেশপুর থানা ওসি ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামী শশুরকে কে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। লাশ পোষ্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।