হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন এবং স্বাধীন ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, “আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই—তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা 'সংখ্যালঘু' শব্দে বিশ্বাস করি না।”
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় সাহাপাড়া শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত বছর ও এ বছরের পূজার পরিবেশের মধ্যে বড় পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনকারী বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
বিগত বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, গত দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে সারা রাত পাহারা দিয়েছেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর মানুষ কঠিন সময় পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গোৎসবে সব ধর্মের মানুষ ভাই ভাই হিসেবে এক হয়ে আনন্দ ভাগাভাগি করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে, যা বাংলাদেশের আসল সৌন্দর্য।
নিজের বাবা সাবেক বিএনপি মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, “আমার বাবাও সবসময় পূজামণ্ডপে আসতেন। তিনি আজীবন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করে গেছেন।”
এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। দলাদলি ভুলে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।