তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে প্রায় ১৪ কোটি টাকার সার কালোবাজারি ও পাচারের অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১৫ জন ডিলার ও তাঁদের পাঁচ সহযোগীসহ মোট ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনের সঙ্গে সাবেক সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে মামলা দায়েরের বিষয়ে কৃষি কর্মকর্তাকে জেলা প্রশাসকের ধমক দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে জেলা প্রশাসককে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘আপনার রিলিজ হবে না। সার মনিটরিং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডিসি কি না? আপনি রিলিজ নেবেন না এখন। আপনি আমাকে ফরমালি জানাবেন আপনার ডিডির মাধ্যমে। আপনি মামলা করতে গেলেন কেন?’
অডিওতে জেলা প্রশাসক আরও বলেন, ‘আজকে ডিডি মহোদয়ের অফিসে পুলিশ চলে গেছে। উনি আপনার চেয়ে কত সিনিয়র, হি ইজ লাইক ইউর ফাদার। তাঁকে আপনি বিব্রত করতে পারেন না। আমি তো আপনাকে দেখে মনে করেছিলাম, আপনি সুফি টাইপের মানুষ!’
কথোপকথনের একপর্যায়ে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘এ বিষয়ে সুরাহা হওয়ার পর আপনি শেরপুর থেকে যাবেন, তার আগে না। ভালো থাকেন।’
জবাবে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনকে বারবার ‘জ্বি স্যার, জ্বি স্যার’ বলতে শোনা যায়।
এদিকে, সার কালোবাজারি ও পাচারের অভিযোগে ১৫ জন বিসিআইসি ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি সামনে আসার পর এই ফোনালাপ ছড়িয়ে পড়ায় প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি সরকারকে বিব্রত করতে পারে এমনটা মনে করে আমি তাঁকে কল দিয়েছিলাম। তবে উনি আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা ঠিক হয়নি।’