শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ময়মনসিংহের ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

মনিরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলার ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা ও একটি সিটি করপোরেশন এলাকার এসব পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

আজ শনিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কালিবাড়ী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিএনপির রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ধর্মকর্ম পালন ও ধর্মীয় উৎসব আয়োজনের ক্ষেত্রে বিএনপি সব সময় সব ধর্মের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় পরিচয় কারও অধিকার, মর্যাদা কিংবা নিরাপত্তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।

Advertisement

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা দলটির রাজনৈতিক অঙ্গীকার।

পূজামণ্ডপের বরাদ্দ বাড়ানোর কথা জানালেন প্রিন্স

দুর্গোৎসব উপলক্ষে সরকারি সহায়তার পরিধি বাড়ানো হয়েছে উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপের জন্য আর্থিক বরাদ্দ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ বরাদ্দের চাল ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজিতে উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা পরিষদ, ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা দেওয়া হচ্ছে।

প্রিন্স বলেন, ধর্মীয় উৎসব আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সরকার সব ধর্ম ও বর্ণের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ এবং সুরক্ষা দিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, দুর্গাপূজা একটি ব্যয়বহুল আয়োজন। সাধারণ ধর্মপ্রাণ মানুষ যেন সম্মিলিত উদ্যোগে আনন্দ, উৎসাহ ও মর্যাদার সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়া হয়। এই সহায়তা শুধু আর্থিক অনুদান নয়; বরং ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন।

শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান

দুর্গোৎসবসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা পরিষদের প্রশাসক।

তিনি জানান, এবার জাতীয় পর্যায়ে বিএনপি পূজার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে দলীয় স্বেচ্ছাসেবকেরা মণ্ডপ কমিটিকে সহযোগিতা করছেন, যাতে উৎসবের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

ঈশ্বরগঞ্জের অনুষ্ঠানে উপজেলা ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন উপজেলায় চেক বিতরণ

এর আগে শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশন এবং সদর, ত্রিশাল, ফুলবাড়িয়া ও গৌরীপুর উপজেলা ও পৌর এলাকার পূজামণ্ডপগুলোর জন্য সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মুক্তাগাছায় স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর উপস্থিতিতে পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে চেক বিতরণ করা হয়। রাতে নান্দাইলের জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পরিষদের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলার অন্যান্য উপজেলাতেও পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ