সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেথ মো: আলী জানান,, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে একজন ছিনতাইকারী, দুজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবী এবং তিনজন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ছিনতাইকারী হিসেবে নিশান দে (২২) নামে এক যুবকের পরিচয় জানিয়েছে পুলিশ। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার বাসিন্দা হলেও বর্তমানে খুরুশকুল ইউনিয়নের টাইম বাজার এলাকায় থাকতেন বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন শেখ আহম্মদ (৫৬) ও মো. ইব্রাহিম আবিদ (২৬)। শেখ আহম্মদ কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়া এলাকার এবং ইব্রাহিম আবিদ দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার বাসিন্দা।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে মো. ইউসুফ (২৫), তানভিরুল ইসলাম ফাহিম (১৯), আসিফ (১৯), মো. হোসেন (২৫), মো. তারেক (২০), ফারুক (১৯) ও সাগর (১৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন শহিদুল ইসলাম (২৬), রেজাইল করিম (২৬) ও আল মাহমুদ (১৯)। তাঁদের মধ্যে প্রথম দুজন চকরিয়ার ডুলাহাজারা এলাকার এবং আল মাহমুদ কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।