কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন সৌদি আরবপ্রবাসী মো. শাহ জালাল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে একই হেলিকপ্টারে বাড়ি ফেরেন তিনি। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় হেলিকপ্টার ও বর-কনেকে একনজর দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন উৎসুক মানুষ।
শাহ জালাল পার্শ্ববর্তী বাঙ্গরা উপজেলার সোনাকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। চারিপাড়া গ্রামের ব্যবসায়ী খুরশিদ আলমের মেয়ে নাহিদা ইসলামের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
বরের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ের পিঁড়িতে পাঠাব, এটি ছিল আমার জীবনের স্বপ্ন। মহান আল্লাহ সেই স্বপ্ন পূরণ করায় আমি অত্যন্ত আনন্দিত।’
শাহ জালাল বলেন, ‘আমার বাবার ইচ্ছা ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে জীবনসঙ্গিনীকে বাড়িতে নিয়ে আসি। আল্লাহর রহমতে বাবার সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। সবাই আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন।’
বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শাহ জালালের এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়ি ফেরার ঘটনাটি এলাকাবাসীর কাছে হয়ে ওঠে আলোচনার বিষয়।