হোসাইন মোহাম্মদ দিদার (কুমিল্লা) দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে রাখা ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমান ও ফাতেমা খাতুনের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অস্ত্রের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে।”
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।