হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন খানম (২৯) নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ না পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা সাফিয়া বেগম। গত ২৭ সেপ্টেম্বর দায়ের করা জিডি নম্বর ২১১৩।
জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ শারমিনের গায়ের রং ফর্সা, শারীরিক গঠন ছিপছিপে (চিকন), উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার এবং চুল কালো। নিখোঁজের সময় তাঁর পরনে বোরকা ছিল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।