শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর জেলার মোরেলগঞ্জ, চিতলমারী ও মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

মোরেলগঞ্জে প্রশাসন-জনতার পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক হোসেন সামাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লাসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা স্কাউট, ইউথ ফর দি সুন্দরবন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও ইউএনওর নেতৃত্বে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন সংশ্লিষ্টরা।

চিতলমারীতে র‌্যালি, ফগার মেশিনে মশা নিধন

চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী ভাষণের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর হক, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, ডা. এম আর ফরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় স্কাউটসের শিক্ষার্থীরা অংশ নেন।

মোল্লাহাটে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা

মোল্লাহাটেও দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচি থেকে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, শুধু অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার অন্যতম প্রজননস্থল হওয়ায় নিয়মিত বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন জলাধার পরীক্ষা করে পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ