মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ প্রস্তুতিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরিত বস্তুর আলামত দেখে এটিকে টাইম বোমা বলে ধারণা করছেন অনেকে।
জানা গেছে, মেহেরপুরের গাংনীর বিএনপি কার্যালয়ের পাশে নেতাকর্মীরা সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। এমন সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। বিস্ফোরণের পর সাদা ধোঁয়া দেখা গেছে বলে দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরিত বস্তুর অন্যান্য আলামত দেখতে পান।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বস্তুর আলামত জব্দ করে পুলিশ।
বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। একই সময়ে গাছের উপরে একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ হয়।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটাতে পারে।
এদিকে, বিকেল চারটার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কের ওপর শোভাযাত্রার জন্য জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। এর পার্শ্ববর্তী আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিস্ফোরিত আরেকটি টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরিত বোমাসদৃশ বস্তুর সঙ্গে এর মিল রয়েছে। দুইটি ঘটনা একই সূত্রে গাঁথা বলে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।