সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়েছে খুলনা থেকে আসা শৌভিক রয় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কক্সবাজার মেরিনড্রেইভ সড়কের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকাধিন প্যারাসেইলিং-এ এমন দুর্ঘটনায ঘটে বলে নিশ্চিত করেছেন সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মী মাহবুব আলম।
তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের এক হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এই পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছেন। নিহতের সাথে আসা বন্ধু এবং প্রশাসনের সংশ্লিষ্টরা কেউ কথা বলছেন না।
মুলত ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকাধিন দরিয়ানগরের এই প্যারাসেইলিং। যেখানে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ। আর মানছেন না প্রশাসনের নির্দেশনা ও শর্ত।
এর প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারিতে প্যারাসেইলিং করতে দূর্ঘটনায় শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে কয়েকটি গণমাধ্যমে।
এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর আবারও চালু করা হয়। গত এপ্রিল মাসেও এক পর্যটক আহত হন একই প্যারাসেইলিং-এ।
এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনার খোঁজখবর নিয়ে প্যারাসেলিং পরিচালনায় কোন ত্রুটি থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।