তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মনবাড়িয়া থেকে অনলাইন জুয়া চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে। (২৯ জুলাই) বুধবার রাত ৯ টার দিকে জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ সদস্যরা। (৩০ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন কালিবাড়ি মোড়ে অবস্থানকালে গত ২৯/০৭/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২১.০০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, জেলার সদর থানাধীন নিউ মার্কেট এলাকায় কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২১.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ৮ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭টি স্মার্ট মোবাইল ফোন, অনলাইন জুয়ার হিসাব রাখার জন্য ব্যবহৃত ১টি খাতা ও ৬০ হাজার ৭১০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।