সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকালে ধাওয়া দিয়ে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক মো. মঞ্জুর আলী (৪০) একই ইউনিয়নের দক্ষিণ রহমতেরবিল এলাকার মো. আনোয়ার আলীর ছেলে।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার রহমতেরবিল সীমান্তে নাফ নদী পার হয়ে মিয়ানমার দিক থেকে বস্তা মাথায় নিয়ে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা লোকটিকে আটক করতে সক্ষম হয়।
“পরে লোকটির সাথে থাকা বস্তাটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা তরা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।