হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি মাছ ধরার চায়না দুয়ারীতে আটকা পড়েছে বিরল ও বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ (Fishing Cat)।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুর সার্ভিস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শালেপুর গ্রামের বাসিন্দা একলাছ ব্যাপারী সকালে ডাঙায় ফেলে রাখা নিজের মাছ ধরার চায়না দুয়ারী দেখতে গিয়ে সেটির ভেতরে একটি অজানা বন্য প্রাণী আটকা পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ও আশপাশের লোকজন এটিকে বাঘের শাবক বলে মনে করেন। পরে একলাছ ব্যাপারী ও তার ভাই লুৎফর ব্যাপারী প্রাণীটিকে সার্ভিস ঘাট এলাকায় এনে নিরাপদে বেঁধে রাখেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানান।
তবে প্রাণীটিকে উদ্ধার করার সময় মেছো বাঘটির নখের আঁচড়ে আহত হন একলাছ ব্যাপারী ও তার ভাই লুৎফর ব্যাপারী। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। আহত দুই ভাই উপজেলার মধ্যচর শালেপুর গ্রামের জালাল ব্যাপারীর ছেলে।
খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন। উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম ডিউক জানান, উদ্ধার হওয়া প্রাণীটি একটি বিপন্ন প্রজাতির মেছো বাঘ। প্রাথমিকভাবে এটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য প্রাণীটিকে জেলা সামাজিক বন বিভাগে পাঠানো হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, মেছো বাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না। এটি জলাভূমি, বিল-ঝিল ও নদী-খালসংলগ্ন এলাকায় বসবাস করে এবং মাছ, ইঁদুর, ব্যাঙ, কাঁকড়া ও ছোট পাখি শিকার করে জীবিকা নির্বাহ করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয়দের অনেকেই জীবনে প্রথমবারের মতো মেছো বাঘ দেখে ঘটনাস্থলে ভিড় করেন। বন বিভাগের কর্মকর্তারা বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আবাসস্থল ধ্বংস, জলাভূমি সংকুচিত হওয়া এবং অবৈধ শিকারের কারণে দেশে মেছো বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। তাই এ ধরনের বিরল বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।