শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে লিচু পাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৭

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে ‘কিশোর গ্যাং’-এর হামলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে ঈশ্বরদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মানিকনগর গ্রামের মো. মুসা মুনসি, তাঁর ছেলে মো. সোহাগউদ্দিন, সোহাগউদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন, মো. চাঁদআলী মুনসি, হৃদয় হোসেন, সিয়াম মুনসি ও মিনারুল মুনসি। লিখিত অভিযোগে বলা হয়েছে, মানিকনগর গ্রামের একটি লিচুবাগানে সব লিচু সংগ্রহ করার পর গাছে থাকা কিছু অবশিষ্ট লিচু পাড়তে যান স্থানীয় রাব্বি সরদার, সাকিব, রিফাত ও আশিকসহ কয়েকজন যুবক। এ সময় চাঁদআলী মুনসি তাঁদের গাছের ডাল না ভাঙার অনুরোধ করলে তাঁরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগে আরও বলা হয়, কিছুক্ষণ পর রাব্বি সরদারের নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে চাঁদআলী মুনসিকে খুঁজতে থাকে। এ সময় সেখানে উপস্থিত চাঁদআলীর চাচাতো ভাই সোহাগউদ্দিন ও তাঁর মা সালেহা বেগম তাঁদের চলে যেতে বললে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মারধর করা হলে সোহাগউদ্দিনের অন্য চাচাতো ভাইয়েরা এগিয়ে আসেন। তখন হামলাকারীরা তাঁদের এবং সোহাগউদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মিম খাতুনকে পিটিয়ে আহত করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা প্রায়ই গ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং বিভিন্ন ব্যক্তিকে মারধর করে। তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আহত সোহাগউদ্দিন ও তাঁর বাবা মুসা মুনসি বলেন, ‘বিকেলে চাঁদআলী মুনসির সঙ্গে অভিযুক্তদের সামান্য ঝামেলা হয়েছিল। এর জেরে সন্ধ্যার পর লিচু সংগ্রহ শেষে গাড়িতে তোলার সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায় এবং মারধর করে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়