শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থক শাওন চৌধুরী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন ওই এলাকার মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২), মহাসিন সরদার (২৯)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে দুটি রাজনৈতিক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন আওয়ামী লীগ সমর্থক শাওন চৌধুরী। অপর গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপি সমর্থক মালেক খান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের অনুসারী শাওন ও তার দলের লোকজন এলাকাছাড়া ছিল। সম্প্রতি ঈদুল ফিতরের মধ্যে বাড়ি ফেরেন তারা। দেশে এসে মীমাংসার জন্য প্রতিপক্ষ মালেক খান ও তার লোকজনকে বাড়ি ডাকেন শাওন। শুক্রবার সকালে মালেক ও তার লোকজন শাওনের বাড়িতে গেলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় শাওন ও রিফাতসহ বেশ কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শাওনের বাড়িতে অগ্নিসংযোগ ও রিফাতের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। যে হামলা চালিয়েছে সে আওয়ামী লীগের সমর্থক ও অপরদিকে যাদের ওপর হামলা হয়েছে তারা বিএনপির সমর্থক। এ ঘটনা ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। উৎস: নিউজ24