স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের মঞ্চ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছে বাংলাদেশ। তাই আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এই টুর্নামেন্টে ভালো করার পাশাপাশি শিরোপা জয়েরও স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তাঁর বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত গরমে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। সাথে সঙ্গী জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা অনেক ভালো ভালো সিরিজ খেলেছি। বিশেষ করে ঘরের মাঠে আমাদের খেলার ধরন অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয়, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। পাশাপাশি আমরা যারা সিনিয়র আছি, আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছুই করা সম্ভব।’
২০১৯ সালের পর আর কোনো ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এমন টুর্নামেন্টে সাফল্য না পাওয়ার কারণ হিসেবে বাড়তি চাপের বিষয়টি তুলে ধরেছেন লিটন।
তাঁর ভাষায়, ‘আমরা খুব কম ত্রিদেশীয় সিরিজ খেলি। অনেক দিন ধরে খেলছি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা খুবই কম। এখানে বাড়তি চাপ থাকে। তিনটি দলের ওপরই একই চাপ থাকে, ফাইনালে উঠতে হবে। প্রথম ম্যাচ হেরে গেলে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে, রান রেটের বিষয়ও চলে আসে। আশা করি, আমাদের ছেলেরা এখানে ভালো ক্রিকেট খেলবে।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে না পারার বিষয়টিও মাথায় রয়েছে অধিনায়কের। এ ক্ষেত্রে ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
লিটন বলেন, ‘আমাদের দায়িত্ব থাকবে, যারা ওপরের দিকে ব্যাটিং করি, ছয়-সাত নম্বর পর্যন্ত যারা আছি, আমরা যেন খেলাটা শেষ করতে পারি। সিরিজে দলে রহস্যময় স্পিনার আলিস আল ইসলামের অন্তর্ভুক্তিকেও বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন লিটন।
তার মতে, 'আলিস সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে টি-টোয়েন্টিটে সে প্রমাণিত। আমার মনে হয় এটাই সঠিক সময় তাকে দলে যুক্ত করার। দলের সাথে থেকে সে যদি কিছু করতে পারে এবং দলকে দিতে পারে, তাহলে বাংলাদেশ টিমই লাভবান হবে।