শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ৫০০ বছরের ঢাকের হাট

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট। কথিত আছে, প্রায় ৫০০ বছরের পুরোনো এই হাট দেশের একমাত্র ঢাকের হাট। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র ও যন্ত্রীদল নিয়ে হাজির হয়েছেন ঢাকিরা। পূজার আয়োজনের জন্য তাদের কাছ থেকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রসহ দল ভাড়া নিতে এসেছেন পূজারীরাও।

কটিয়াদীর পুরাতন বাজারে বসা এ হাটে ঢাক ছাড়াও রয়েছে ঢোল, ড্রাম, বাঁশি, সানাই, মন্দিরা, কাঁসি ও ঝনঝনিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র। এসব বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দুর্গাপূজাকে ঘিরে বহু বছরের এই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয়রা। গত বুধবার শুরু হয় এই মেলা, যা চলবে আজ শুক্রবার পর্যন্ত।

হাটে ঢুকলেই চোখে পড়ে বাদ্যযন্ত্র বাজানোর মহড়া। ঢাকিদের ঢাক বাজানোর শব্দে তৈরি হয় এক উৎসবের আবহ। বাদ্যযন্ত্রীরা বাদ্য বাজিয়ে ক্রেতাদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত। আরেক পাশে চলছে দর-দামের পর্ব। কেউ ঢাকের দল, কেউবা পুরো বাদ্যদল ভাড়া করার জন্য দর কষাকষিতে ব্যস্ত। দরদাম চূড়ান্ত হলেই সঙ্গে নিয়ে যাচ্ছেন পূজারীরা।প্রতি দলে ঢাকিদের ভাড়া ধরা হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। তবে পুরো বাদ্যযন্ত্রী দল নিতে খরচ হয় ১ লাখ টাকারও বেশি। রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা পূজারিরা মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত বাজানোর জন্য চুক্তিবদ্ধ করেন। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে কটিয়াদীর রাজা নবরঙ্গ রায় দুর্গাপূজা উপলক্ষে তার প্রাসাদে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আয়োজন থেকেই শুরু হয় ঢাক-ঢোলের এই ঐতিহ্যবাহী হাট। এরপর থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পূজারির চাহিদা মেটাতে ঢাকি ও বাদ্যযন্ত্রীরা সমবেত হন কটিয়াদীতে।

বছরের পর বছর ধরে এই হাট এখন শুধু পূজারিদের নয়, দর্শনার্থীদেরও আকর্ষণ করে। বাদ্যের তালে তালে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের কটিয়াদী। উৎসবমুখর এ হাটে শুধু বাদ্যযন্ত্রের বেচাকেনা নয়, তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহও।

Advertisement

কিশোরগঞ্জ সদর থেকে আসা পূজারি কাজল বণিক জানান, প্রতি বছরই তারা ঢাকের হাটে আসেন। তিনি বলেন, টাকা-পয়সা যা-ই লাগুক, এখান থেকে ভালো বাদ্যযন্ত্রীকেই আমরা নিয়ে যাব। পূজার আয়োজনে বাদ্যযন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই খরচের বিষয়টি বিবেচনায় না নিয়ে আমরা সেরা বাদক বেছে নেওয়ার চেষ্টা করি।

লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের শিকদারহাটি থেকে আসা ঢোলবাদক সুমন চন্দ্র দাস জানান, ছোটবেলায় বাবার সঙ্গে এই হাটে আসতেন তিনি। বয়সের ভারে এখন তার বাবা আর আগের মতো আসতে পারেন না। তাই বাবার ঐতিহ্য ধরে রাখতে এখন নিজেই দল নিয়ে এই ঐতিহ্যবাহী হাটে আসেন। এখানে বাদ্যযন্ত্রের ভালো দাম পাওয়া যায়, তাই প্রতি বছরই হাটে আসার চেষ্টা করেন তিনি।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকার রাজ কুমার দাস জানান, প্রতি বছরই তিনি দল নিয়ে এই হাটে আসেন। গত বছর তাদের পুরো দল ৯০ হাজার টাকায় বুকিং পেয়েছিল। এবার ১ লাখ টাকার বেশি পারিশ্রমিক পেলে দল নিয়ে চলে যাবেন বলে জানান তিনি।হাটে আসা ঢাকিদের মধ্যে কেউ বাদ পড়লে তাদের সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন হাট আয়োজকরা।

ঢাকের হাট কমিটির কমিটির সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা জানান, এটা শুধু কটিয়াদি নয়, সারা বাংলাদেশেরই ঐতিহ্যবাহী হাট। এ হাটকে ঘিরে এক ধরনের সামাজিক মিলন মেলার পরিবেশ তৈরি হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, ঢাকবাদকদের দুর্ভোগ কমাতে শৌচাগার নির্মাণের জন্য ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বাজারের রাস্তা সোলিং করা এবং সুপেয় পানির ব্যবস্থা করতে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ বছর পূজামণ্ডপ প্রতি সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। কটিয়াদী ও পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বিতরণের জন্য ৩০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এ ঢাকের বাজারের উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ