স্পোর্টস ডেস্ক : শেষ বল পর্যন্ত লড়াই, তবু শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেও ৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের রানার্সআপ হয়েছে সাদিয়া ইসলামের দল। শুক্রবার ফাইনালে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
শুরুটা অবশ্য ছিল হতাশার। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত রানের খাতা খোলার আগেই ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। শিরিনা খাতুনও করতে পারেননি বড় রান, ফিরেছেন ৬ রানে।
সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক সাদিয়া ইসলাম। তাঁর সঙ্গে প্রতিরোধ গড়েন নিশিতা আক্তার নিশি। পরে সাদিয়া আক্তার ও নিশিতার ব্যাটে জয়ের আশা জেগেছিল বাংলাদেশের শিবিরে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৪ রান দূরেই থামতে হয় দলকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। সমান ৩৫ রান আসে নিশিতা আক্তার নিশির ব্যাট থেকেও। ফারজানা করেন ১১ রান।
এর আগে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার সাঞ্জানা কাভিন্দির ৬৪ রানের ইনিংস ছিল তাদের সংগ্রহের মূল ভিত্তি। উমায়াঙ্গানা পেইরিস করেন ২৮ রান। এ ছাড়া বালাসুলিয়া ২৩ ও উপেক্ষা ২২ রান যোগ করেন।
শেষ পর্যন্ত অল্পের জন্য শিরোপা হাতছাড়া বাংলাদেশের। লড়াই করেও ফাইনালে হারতে হয়েছে সাদিয়াদের, শিরোপা উঠেছে শ্রীলঙ্কার হাতে।