সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় রহস্যজনক ঘটনায় রূপন কান্তি দে নামের হারবাং পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই ) মৃত্যু হয়েছে; ঘটনায় আহত অপর এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তবে ঘটনার ব্যাপারে স্থানীয়ভাবে নানা তথ্য পাওয়া গেলেও পুলিশ বলছে, এএসআই রূপন আকস্মিক অসুস্থ হলে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
সোমবার বিকাল সাড়ে ৫ টায় চকরিয়া উপজেলার হারবাং বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত্যু হওয়া রূপন কান্তি দে (৪২) হারবাং পুলিশ ফাঁড়িতে সহকারি উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উপ-পরিদর্শক ( এসআই ) মোজাফ্ফর আহমদ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিকালে হারবাং বাজার সংলগ্ন এলাকায় পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। এ পুলিশের ২/৩ জন সদস্য আহত হয়েছেন।
তবে ঘটনার ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানিয়েছেন, ফাঁড়ি এলাকায় অবস্থানকালে এএসআই রূপন কান্তি দে আকস্মিক অসুস্থতাবোধ করলে দাঁড়ানো অবস্থা থেকে লুটিয়ে পড়েন। এসময় তার সঙ্গে থাকা পুলিশের অপর এক সদস্য ঘটনায় বিহ্বল হয়ে মুর্ছে যান।
পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে হাসপাতালটির জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ( মেডিকেল অফিসার ) মিনহাজুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশ সদস্য রূপনকে হাসপাতালে আনার আগেই পথে মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ( স্ট্রোক ) হয়ে মৃত্যু হয়েছে প্রাথমিক ধারণার তথ্য জানান এ চিকিৎসক।
মিনহাজুল জানান, মৃত পুলিশ সদস্যের লাশ এখনো হাসপাতালে রয়েছে।