নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভা আদালতপাড়ায় জালাল ওরফে রাব্বি নামক এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। আহতের মা জোহরা খাতুন বাদী হয়ে শুক্রবার রাতে ১০জন এজাহার নামীয় ও ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় এজাহার নামীয় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আতাউর রহমান (৪৮), জাহিদ মিয়া (১৯), জোবায়ের (১৯), আহসান উল্লাহ্ (৪২), মোহাম্মদ জসিম উদ্দিন বাছির (৫৫)।
শনিবার (১৩/১২) গ্রেফতারকৃত এই ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২/১২) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে গুলিবিদ্ধ হন উপজেলা শাহবাজপুর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে রাব্বি (২১)। রাতেই তাকে নবীনগর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করেন। রাব্বি একজন মাইক্রোবাস চালক। সে তার বাবা মাকে নিয়ে পৌরসদর মাঝিকাড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়,বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। হঠাৎ গোলাগুলির শব্দে এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিব্রতকর পরিস্থিতি। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীরা নিরাপত্তার জন্য আশপাশের এলাকায় ছুটতে থাকেন, আতঙ্কিত হয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর নবীনগর উত্তরপাড়া এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ে মোঃ সানি ও জিদানের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সানির ছুরির আঘাতে জিদান আহত হয়। এই ঘটনায় স্থানীয় সাহেব সর্দাররা শুক্রবার সন্ধ্যায় নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান অফিসে সামাজিক শালিস বসেন। ওই শালিসে বন্ধুদের সাথে একটি পক্ষের সাক্ষী হিসেবে রাব্বি উপস্থিত ছিলেন। শালিসের মধ্যেই উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। ফলে শালিস অমীমাংসিত রেখেই সর্দাররা বেড়িয়ে যায়।
এর পরপরই সন্ধ্যা ৭টার দিকে ১০-১২ জন যুবক অটোরিকশাযোগে কালীবাড়ির সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে আরো কয়েকজন যুবক সেখানে আসে। এ সময় ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তারা গুলি ছোড়া শুরু করে। পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাব্বি (২১) গুলিবিদ্ধ হন। হঠাৎ এই পরিস্থিতিতে আদালত সড়কসংলগ্ন সব দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ত্যাগ করে।
নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।
গুলিবিদ্ধ রাব্বির মা জোহরা খাতুন তার ছেলে নির্দোষ দাবি করে বলেন, আমারা গরিব মানুষ, দিন এনে দিনে খাই, আমার ছেলে মাইক্রো গাড়ীর ড্রাইভার, বন্ধুদের সাথে শালিসিতে গিয়েছিল, এটাই কি তার অপরাধ? আগের কোন ঘটনার সাথে আমার ছেলে জড়িত নয়। আমার ছেলেকে হত্যার চেষ্টার ঘটনার ন্যায় বিচার দাবি করছি।
এ ব্যাপারে ওই সালিশের আহ্বায়ক নবীনগর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর আলমকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। খুঁদে বার্তা পাঠালেও কোন জবাব দেননি ।
গত দু'মাস ধরে নবীনগরে একের পর এক সংঘটিত আদালত পুকুর পাড়ের 'বউসাজ' বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জাল নোটসহ পিস্তল উদ্ধার, পদ্মপাড়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হওয়া, মহেশপুরে ওমর ফারুককে জবাই করে হত্যা ও সর্বশেষে বড়িকান্দিতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শিপন ও ইয়াছিন নামে দুই যুবক নিহত হওয়ার আলোচিত ঘটনাগুলোর কতটা 'কুল কিনারা' পুলিশ করতে পেরেছে, সেই প্রশ্ন এখন জনমনে। নবীনগরে একের পর এক এসব গুলাগুলির ঘটনায় আতঙ্কিত নগরবাসী।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি গত কয়েকদিন আগে এখানে জয়েন করেছি, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে। এজাহার নামীয় পাঁচজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে,আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা দেখে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে ।