জেবা আফরোজ : [২] সোমবার বিকেলে নিজের ফেসবুক পেইজে একটি কবিতার ভিডিও প্রকাশ করেছে নচিকেতা। কবিতাটির শিরোনাম ‘করোনা’। নচিকেতা নিজেই আবৃত্তি করেছেন কবিতাটি। এই কবিতায় নচিকেতা বলেছেন সাম্যবাদের কথা। করোনা কবিতায় নিজের মতাদর্শ তুলে ধরেন ছন্দে ছন্দে। এটি প্রকাশের পাঁচ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে ৭ লক্ষবার দেখা হয়েছে ভিডিওটি।
[৩] করোনা
করোনা নামের মহামারী তুমি যাও, তুমি যাও
একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও
ওগো ভয়
তোমারই হোক জয়
তুমি নির্ভীক তরবারী
তুমি নির্মেদ অক্ষয়
তোমারই হোক জয়।
তোমার নামে বন্ধ হয়েছে সভ্যতা নামে দুষণ
তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ
তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ
শুধু ভয় করে দিলো বিভেদহীন এক দেশ।
কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম
সবার মুখই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম
হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ
এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান।
মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাঁটাতার ছিঁড়ে যায়
নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়
রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি
যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি।
করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ
মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন
করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদী
শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী। বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ, হাই৫ নিউজ নেট