শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ক্রিপাল হত্যাচেষ্টায় দুই রুশ নাগরিককে অভিযুক্ত করলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুই রুশ নাগরিকের নাম প্রকাশ করেছে যুক্তরাজ্য। ওই দুই ব্যক্তির নাম অ্যালেক্সান্দার পেত্রোভ ও রুসলান বশিরভ। বুধবার স্কটল্যান্ড ইয়ার্ড এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, তাদের উভয়ের বিরুদ্ধেই সলসবারি হামলায় জড়িত থাকার অভিযোগ দায়েরের মতো ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সিসিটিভি ফুটেজে দুই অভিযুক্তঅ্যালেক্সান্দার পেত্রোভ ও রুসলান বশিরভ নামের ওই দুই জনের ব্যাপারে ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুইজনেরই ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যের পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটির পার্লামেন্টকে বলেছেন, গোয়েন্দা তথ্য থেকে সরকার এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ওই দুই রুশ নাগরিক রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। তারা ছদ্মনাম ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, সের্গেই স্ক্রিপাল ও তার কন্যাকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাজ্য যে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে রুশ কর্তৃপক্ষ তাদের সম্পর্কে জ্ঞাত নয়। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেন, ‘সংবাদমাধ্যমে যে নাম ও ছবি প্রকাশিত হয়েছে তা আমাদের কাছে কোনও অর্থ বহন করে না।’

এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ পুলিশ জানায়, তারা সের্গেই স্ক্রিপাল ও তার কন্যার ওপর লন্ডনে রাসায়নিক হামলার ঘটনায় একাধিক সন্দেহভাজন রুশ নাগরিককে শনাক্ত করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের শনাক্ত করা হয়।

সন্দেহভাজন হামলাকারীরা যে রাশিয়ার নাগরিক সে ব্যাপারে যুক্তরাজ্যের তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সিকিউরিটি ক্যামেরার ওই সময়ের রেকর্ড একাধিকবার পরীক্ষা করে দেখা হয়েছে।

গত ৪ মার্চ সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। কন্যাকে নিয়ে সের্গেই স্ক্রিপাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলেন- জিজ্জি নামের সলসবেরির ওই পিজার দোকানেই তার স্নায়ুকে আঘাতকারী এই নার্ভ এজেন্টের খোঁজ মিলেছে। অন্তত পাঁচটি স্থানে ফরেনসিক তদন্ত চালানোর পর পিজার দোকানে এর সন্ধান মিলে।

জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দুঘণ্টা পর সাবেক ওই রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক, যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে। এতে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। সূত্র: বিবিসি, আল জাজিরা, বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়