নূর মাজিদ : সৌদি সরকার গ্রেফতারকৃত ইসলামিক বিশেষজ্ঞ সালমান আল আদওয়ার মৃত্যুদন্ড চায়। বর্তমানে তার বিরুদ্ধে রাজ পরিবারের বিরুদ্ধাচারণ এবং সমালোচনার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলছে সৌদি আদালতে। গত মঙ্গলবার তাকে হাজির করা হলে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে মৃত্যুদ-ের শাস্তি দেবার আবেদন করেন সরকার পক্ষের আইনজীবীরা।
সালমান আল আদওয়াকে একজন সংস্কারপন্থী, মানবতাবাদি ইসলাম বিশেষজ্ঞ বলেই অভিহিত করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। তিনি গত বছরের সেপ্টেম্বরে কাতারের উপর সৌদি আরবের অবরোধ আরোপের সমালোচনা করেন একটি টুইট বার্তায়। টুইটারে তার অন্তত ১ কোটি ৪০ লাখ অনুসরণকারী রয়েছেন। ঐ টুইট বার্তায় তিনি সৌদি সরকারের প্রতি কাতারের মুসলিমদের প্রতি সদয় আচরণ প্রদর্শন করবার আহ্বানও জানান। এরপরেই তাকে গ্রেফতার করে সৌদি কতৃপক্ষ।
সৌদি আরবের দৈনিক ওকাজ জানায়, সরকার পক্ষের আইনজীবীরা আদওয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, রাজ পরিবারকে উৎখাত করবার ষড়যন্ত্র, অনলাইনে জনগণকে উস্কানি দেয়া সহ ৩৭ টি অভিযোগ এনেছেন। তাদের দাবি, রাষ্ট্রের জন্য বিপদজনক আদাওয়াকে অবিলম্বে মৃত্যুদ- দেয়া হোক। তবে, এই ধরনের সকল অভিযোগ অস্বীকার করেছে আদওয়ার পরিবার। তার ছেলে এক টুইট বার্তায় জানান, মহানবী মোহাম্মদ (সা.) এর আদর্শের শিক্ষা দিতেন তার পিতা। তিনি নবীর সম্মান রক্ষার্থে কাজ করতেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সৌদি মানবাধিকার কর্মী ডানা আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ বক্তব্য এবং প্রতিবাদের বিরুদ্ধেও সৌদি আরব মৃত্যুদন্ডের যে রেওয়াজ চালু করেছে তা রীতিমতো গর্হিত ও বিবেকবর্জিত। আল জাজিরা