শাহীন খন্দকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। আচমকাই ভূমিকম্প আঘাত হেনে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রায়ই নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ, পারঙ্গম ও পরিপূর্ণ করে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।