সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৫।